বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-7ab30f-480x270.webp)
প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া গেলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
এ কর্মসূচির অধীনে আগামী ডিসেম্বরে আরও ২২৫ বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট এক হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ বাংলাদেশের জন্য স্মরণীয় একটি দিন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি। আজ ১১২ জন (মালয়েশিয়া) যাচ্ছেন। অনেক দিন ধরে এ কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।
-7c24bc.jpg)
বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশেরও লাভ হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করতে গেলে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। ভাষা জানা থাকলে কর্মীদের কাজ করতে অনেক সুবিধা হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা সুস্থভাবে সেখানে পৌঁছে ভালোভাবে কাজ করবেন। সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, একজন কর্মীর কাজ ও আচরণ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করবে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে তাদের দেখে অন্য বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।
-99244a.jpg)
প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন। পরে তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। নিজেও সবার সঙ্গে সেলফি তোলেন। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে চার হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।
-eeb120.jpg)
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক এক হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত জুনে দায়িত্ব প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। সফরে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন। এরপর নানা প্রক্রিয়া অতিক্রম করে পাঁচ মাস পর শেষ পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলো বাংলাদেশের জন্য।














