শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল, পাবেন ফ্যামিলি কার্ডসহ নানান সুবিধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির পর পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে একাধিক বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। শ্রমিকদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, শিল্পাঞ্চলে নির্মাণ করা হবে বিশেষায়িত হাসপাতাল এবং অযৌক্তিক বাড়ি ভাড়া বৃদ্ধি ঠেকাতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পাশাপাশি উৎসবের সময় শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করতে গঠিত হবে আলাদা বিশেষ তহবিল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব উদ্যোগের কথা জানানো হয়। সেখানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শুধু বেতন দিয়ে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামলানো কঠিন। এ কারণে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিমুল বিশ্বাস জানান, ইতিমধ্যে ৬০টি স্পটে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। গার্মেন্টস শ্রমিকসহ সব শ্রমিকের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতিও পাওয়া গেছে। স্বাস্থ্যসেবা ও আবাসন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সাতটি শিল্পসমৃদ্ধ অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ এগিয়ে চলছে। এর মধ্যে একটি হাসপাতাল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিল্পাঞ্চলে বাড়ি ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানো ঠেকাতে স্থানীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে বৈঠক করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিমুল বিশ্বাস। আসন্ন ঈদ ও পূজায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের অনিশ্চয়তা দূর করতে অর্থ ও প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার পক্ষ থেকে আলাদা বিশেষ তহবিল গঠনের আশ্বাস পাওয়া গেছে। আন্দোলনের কারণে কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত বা হয়রানি না করার বিষয়েও মৌখিক প্রতিশ্রুতি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, শ্রমঘন অঞ্চলে শ্রমিকদের সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়গুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে। তিনি বলেন, ‘বিগত তিন বছরে চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। দেশের অন্যান্য শিল্প ও প্রতিযোগী রাষ্ট্রগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নিয়েই বোর্ড ঐকমত্যের ভিত্তিতে কাজ করেছে।’

প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এই প্রথম সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটি মজুরি বোর্ড কাজ করেছে।’ শিল্পের স্বার্থে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি আগামী শনিবার থেকে সারা দেশের সব কলকারখানায় পূর্ণোদ্যমে উৎপাদন শুরুর প্রত্যাশা জানান।

গত মঙ্গলবার রাতে মজুরি বোর্ড শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়। এতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা। তবে এ ঘোষণার পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকা ও সাভারে বিক্ষোভ করেন শ্রমিকেরা। বৃহস্পতিবারও তাদের বিক্ষোভ হয়েছে। শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad