ছয় মাসের চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার ১০ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি তেল আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে। চারটি প্যাকেজের মধ্যে তিনটিতে ডিজেল ও ফার্নেস অয়েল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। বাকি প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ১ লাখ ৫০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ২ হাজার ৪০৫ কোটি ৩৮ লাখ টাকা। এ ছাড়া ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল কিনতে খরচ হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। আর ১ লাখ ২৫ হাজার টন অকটেন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা।

বিপিসির প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন ডিজেল আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচিত করা হয়।

প্যাকেজ পিজি-০৪-এর আওতায় আরও ৯০ হাজার টন ডিজেল কেনা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৭ দশমিক ৪৫ ডলার। এ প্যাকেজে পাঁচটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। এর মধ্যে চারটির প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে ট্রাফিগুরা।

এদিকে প্যাকেজ পিজি-০৫-এর আওতায় ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৬৯ দশমিক ৮২ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে প্যাকেজ পিজি-০৬-এর আওতায় ১ লাখ ২৫ হাজার টন গ্যাসোলিন-৯৫ আনলেডেড বা অকটেন আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৭ দশমিক ৩৬ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর।

বিপিসি সূত্রে জানা গেছে, দেশের মোট জ্বালানি তেলের ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করা হয়। ২০২৭ সালেও দুই পদ্ধতিতে সমান পরিমাণ জ্বালানি তেল কেনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সমপরিমাণ জ্বালানি তেল আমদানি করা হবে। সব মিলিয়ে ২০২৭ সালে ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিপিসি।

জ্বালানি তেল আমদানির ব্যয় বিপিসির নিজস্ব বাজেট, তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণ নিয়ে মেটানো হবে। তবে আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অগ্রিম আয়কর আলাদাভাবে পরিশোধ করতে হবে সংস্থাটিকে। এসব কর ও শুল্ক অনুমোদিত ক্রয়মূল্যের অন্তর্ভুক্ত নয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad