দুর্গাপূজাকে ঘিরে ‘ঝুঁকিপূর্ণ মণ্ডপের’ তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৪
দুর্গাপূজাকে ঘিরে ‘ঝুঁকিপূর্ণ মণ্ডপের’ তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ মণ্ডপের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে কোনো মণ্ডপ ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা উপলক্ষে সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্ট, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর পূজা পরিষদসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

সভায় সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও পরামর্শ হয়েছে। কেন্দ্র থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি দপ্তর ও সংস্থাগুলোর দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিবছরই পূজার আগে পর্যাপ্ত সময় হাতে রেখে এ ধরনের প্রস্তুতিমূলক সভা করা হয়।

এবার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির অগ্রগতির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন মন্ত্রী। তার ভাষ্য, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সম্প্রীতির পরিবেশ প্রশংসনীয় পর্যায়ে পৌঁছেছে বলে সভায় অংশ নেওয়া নেতারা স্বীকার করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পূজামণ্ডপের সরকারি বরাদ্দও বাড়ানো হয়েছে। আগে এ বরাদ্দ ছিল চার কোটি টাকা, এবার তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ জানান, এ বছর পূজামণ্ডপের সংখ্যাও বেড়েছে। আগে দেশে মণ্ডপের সংখ্যা ছিল প্রায় ২৮ হাজার থেকে ৩২ হাজার। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮১০টিতে, অর্থাৎ প্রায় ১ হাজার ৫০০টি মণ্ডপ বেড়েছে। তাঁর মতে, মণ্ডপের সংখ্যা বৃদ্ধি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তাবোধের প্রতিফলন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

পূজামণ্ডপের নিরাপত্তায় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির অ্যাপ কাজে লাগানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। জেলা পর্যায়ে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে দ্রুত তথ্য পাওয়া এবং ব্যবস্থা নেওয়া যায়। পুলিশের সদর দপ্তর, বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম থাকবে। পাশাপাশি প্রতিটি মণ্ডপের কাছের থানায় স্বেচ্ছাসেবকদের নাম ও ফোন নম্বরের তালিকা জমা দিতে বলা হয়েছে। যাচাইয়ের পর তাঁদের প্রয়োজনীয় কার্ড দেওয়া হবে।

নিরাপত্তার পাশাপাশি মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প হিসেবে ২৪ ঘণ্টা জেনারেটর এবং সেটি অচল হলে চার্জার লাইট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা এ বিষয়ে আশ্বস্ত হয়েছেন জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও নজরদারিতে এবার দুর্গাপূজা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

দুর্গাপূজার ছুটি বাড়ানোর বিষয়টিও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগে পূজা উপলক্ষে সরকারি ছুটি ছিল এক দিন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দাবির পরিপ্রেক্ষিতে তা আরও এক দিন বাড়ানো হয়। এবার সনাতন ধর্মাবলম্বীদের দাবির ভিত্তিতে প্রধানমন্ত্রী ছুটি আরও এক দিন বাড়িয়ে মোট তিন দিন করেছেন। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কার্যত পাঁচ দিনের ছুটি হবে। এ সিদ্ধান্তের জন্য সনাতন ধর্মাবলম্বীরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান তিনি।

ঝুঁকিপূর্ণ মণ্ডপের বিষয়ে পুনরায় জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত এমন কোনো কেন্দ্রের খবর পাওয়া যায়নি। তবে ঝুঁকির তথ্য এলে সার্বক্ষণিক যোগাযোগ ও সতর্কতার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক কারবারিদের তালিকা করা পুলিশের নিয়মিত কাজ। এসব তালিকা সংরক্ষণ ও হালনাগাদ করা হয়। অপরাধীদের গ্রেপ্তারের হিসাবও পুলিশ বিভাগে রয়েছে এবং অভিযান জোরদারভাবে চলছে।

তিনি আরও বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তাকে অপরাধী হিসেবেই গণ্য করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, গ্রেপ্তার করছে এবং মামলা নিচ্ছে। কোনো ঘটনায় ব্যবস্থা না নেওয়া হলে বা পুলিশের ব্যর্থতা থাকলে সরকারের দায় থাকে উল্লেখ করে তিনি দাবি করেন, এ ক্ষেত্রে পুলিশ বা সরকারের কোনো ব্যর্থতা নেই। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা না হলেও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement