বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাবেক সিনিয়র উপপরিচালক মোহাম্মদ টিপু সুলতান মারা গেছেন।
শনিবার (১৭ অক্টোবর) ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আসক। সংস্থাটি জানিয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।
১৯৯৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর আসকের ইনভেস্টিগেশন ইউনিটে দায়িত্ব পালন করেন টিপু সুলতান। এ সময়ে নাগরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষায় সংস্থাটির বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
র্যাবের গুলিতে আহত কলেজছাত্র লিমন হোসেনের ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় সক্রিয় ছিলেন টিপু সুলতান। দেশের প্রান্তিক পর্যায়ে মানবাধিকার কার্যক্রম বিস্তৃত করা, স্থানীয় পর্যায়ে মানবাধিকারকর্মীদের নেটওয়ার্ক গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবীদের সংগঠিত করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
আসকের শোকবার্তায় বলা হয়, মানবাধিকার বিষয়ে দক্ষ প্রশিক্ষক হিসেবে টিপু সুলতানের পরিচিতি ছিল। মানবাধিকারকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার নিষ্ঠা, সাহসী ভূমিকা ও দীর্ঘদিনের কাজ সংস্থাটির সহকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
টিপু সুলতানের মৃত্যুতে দেশের মানবাধিকার আন্দোলনে শূন্যতা তৈরি হয়েছে উল্লেখ করে আসক তার বিদেহ আত্মার শান্তি কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
















-f311a4-256x144.webp)
-6c1745-256x144.webp)