সশস্ত্র বাহিনী দিবস শনিবার, সেনাকুঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী শনিবার ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত হবে। দিবসটি উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হবে।

এ ছাড়া শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাতসহ দেশের বিভিন্ন সেনানিবাস ও নৌঘাঁটিতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হবে।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

একই দিন বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের কূটনীতিকেরা অংশ নেবেন।

এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা এবং বিডিআর হত্যাকাণ্ডে শহিদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরাও অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি, টেলিভিশন-বেতারে বিশেষ অনুষ্ঠান

ঢাকার পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হবে।

এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজগুলো শনিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য নিকটবর্তী ঘাটে নোঙর করে রাখা হবে।

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরতে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি পরে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে প্রচারিত হবে।

শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ বেতারে প্রচারিত হবে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান। দিবসটি উপলক্ষ্যে শনিবার দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ ছাড়া সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad