মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ ও লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের সংশোধিত প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে দুই মেট্রোরেল লাইনে ব্যয় বেড়েছে এক লাখ ১০ হাজার কোটি টাকার বেশি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশোধিত প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। একই সভায় ‘এমআরটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ তথা নতুন মেট্রোরেলের গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত রুট নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, এমআরটি লাইন-১ ও লাইন-৫ নর্দান রুটের (হেমায়েতপুর-ভাটারা) সংশোধিত ব্যয় নির্ধারণের আগে ডিএমটিসিএল আগস্টের প্রথম সপ্তাহে সংশোধিত প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠায়। পরে তা পরিকল্পনা কমিশনে যায়।
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
এর ফলে এমআরটি লাইন-১-এ ৬১ হাজার ৮৩৩ কোটি ৪৫ লাখ টাকা ও এমআরটি লাইন-৫ নর্দান রুটে ৪৮ হাজার ৬১০ কোটি টাকা ব্যয় বেড়েছে। দুই লাইনে মোট ব্যয় বেড়েছে এক লাখ ১০ হাজার ৪৪৩ কোটি ৪৫ লাখ টাকা।
প্রকল্প সংশোধনের পরে মেট্রোরেল লাইন-১-এর সংশোধিত মোট ব্যয় প্রায় এক লাখ ১৪ হাজার কোটি টাকা এবং লাইন-৫ নর্দান রুটের প্রায় ৮৯ হাজার ৮০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণের নতুন যে প্রকল্প অনুমোদন পেয়েছে, সেটি হবে প্রায় ১৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ। মেট্রোরেলের এই রুট গাবতলী থেকে কল্যাণপুর, শ্যামলী, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল ও তেজগাঁও হয়ে আফতাবনগর পর্যন্ত যাবে। এ পথের পুরোটাই হবে পাতাল সড়ক।
এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ)।
মেট্রোরেলের এ তিনটি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আরও দুটিসহ বুধবারের একনেক সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প সাতটি এবং সংশোধিত প্রকল্প পাঁচটি। সব মিলিয়ে এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা।














-463252-256x144.webp)


-f7dee2-256x144.webp)


