মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: পরিবহনমন্ত্রী

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৭৩০টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডের মধ্যে ১৪৭টির ত্রুটি ‘মাইনর’ এবং ২৭টি প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ৪৬টি পিয়ারে (পিলার) বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ দিন বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়।
সংসদে এমপি আবুল কালাম জানতে চান, স্বাধীন অডিট কমিটির প্রতিবেদনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ২৩ দশমিক ২৮ শতাংশ বা ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ এবং ৪৬টি পিলারে ফাটল পাওয়ার তথ্য সঠিক কি না। সত্য হলে জনস্বার্থে এসব সমস্যা সমাধান এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তাও জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী বলেন, মেট্রোরেলের ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ২৯৭টি প্যাডের ক্ষেত্রে ত্রুটি মূলত স্থাপিত বেয়ারিং প্যাডের স্থাপন ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল চিহ্নিত হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী মেট্রোরেল রুটের ৭৩০টি বেয়ারিং প্যাডের সবগুলোই ক্রিটিক্যাল নয়। স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনে উল্লিখিত সুপারিশগুলো সময়োপযোগী ও কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ১৬ জুলাই ২০২৬ তারিখে ‘সেফটি অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করে। সেফটি অডিট কমিটির তাৎক্ষণিক সুপারিশগুলো বাস্তবায়নের লক্ষ্যে ওই কমিটি কার্যক্রম শুরু করেছে।
মন্ত্রী জানান, যেসব পিয়ারে বেয়ারিং প্যাড স্থানচ্যুতির মতো সমস্যা হতে পারে, এমন ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। ২৭টি স্থানে বেয়ারিং প্যাডের সেটেলমেন্ট পরিমাপের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ বসানো হয়েছে। পাশাপাশি ২৭টি বেয়ারিং প্যাড প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে এসব প্যাড প্রতিস্থাপন শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে বলে জানান মন্ত্রী রবিউল আলম। তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে এসব গেজ স্থাপনের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেন, কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে যেসব বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছিল, নানা কারণে তা যথাসময়ে বাস্তবায়ন করা হয়নি।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এই টানেলকে শুধু একটি যোগাযোগ অবকাঠামো হিসেবে বিবেচনা না করে—দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, পর্যটন বিকাশ এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পটি নির্মাণ ও বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উত্থাপিত হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
সংরক্ষিত আসনের সানজিদা ইসলামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, বর্তমানে দেশে বিআরটিসির বাস সংখ্যা ১ হাজার ২৯৮টি এবং ট্রাকের সংখ্যা ৫২৫টি। এর মধ্যে সচল বাস ১ হাজার ১৭২টি ও অচল বাস ১২৬টি। সচল ট্রাক ৪৯৪টি এবং অচল ট্রাক ৩১টি।
সংরক্ষিত আসনের শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম শহরে ১৩টি রুটে ১৪টি মহিলা বাস (পিংক বাস) সার্ভিস পরিচালনা করা হচ্ছে। সারা দেশে মহিলা বাস সার্ভিস সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির কার্যক্রম চলমান রয়েছে।
সংরক্ষিত আসনের নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, বর্তমানে নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ২৭ হাজার ১৮২টি।
চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের বস্ত্র চাহিদা প্রায় ৮০০ কোটি মিটার। এর মধ্যে নীট কাপড় ৪০০ কোটি মিটার ও ওভেন কাপড় ৪০০ কোটি মিটার। দেশে নীট কাপড়ের ঘাটতি প্রায় ১০ শতাংশ এবং ওভেন কাপড়ের ঘাটতি ৬০ শতাংশ।
বাগেরহাট-৪ আসনের আব্দুল আলীমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি পাটকলের সংখ্যা ২৬৬টি। এর মধ্যে চালু পাটকল ১৯৩টি।













-463252-256x144.webp)






-9c3647-256x144.webp)