ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য বাংলাদেশ, জানাল মার্কিন দূতাবাস

বাংলাদেশের প্রকল্পগুলো এখন থেকে অর্থায়ন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাসের ওয়েবসাইট এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে ডিএফসি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে এবং এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখছে। ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের নতুন যোগ্যতা অর্জন বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে দেশটির ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
মার্কিন দূতাবাস বলছে, ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগঝুঁকি প্রশমনের বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার সম্প্রসারিত হওয়ায় গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের ঘাটতি পূরণ এবং অর্থায়নের সীমাবদ্ধতার কারণে আটকে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া সহজ হবে।
এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান তৈরি, অত্যাবশ্যকীয় সেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ করে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলো অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে যে প্রতিবন্ধকতার মুখে পড়ে, তা দূর করতে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে আমরা একদিকে বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারব।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা আমাদের উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়াবে।












