সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান: সংসদে স্পিকার

সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য ‘ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানে’ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদীয় রীতিনীতি ও শালীনতা বজায় রেখে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে স্পিকার বলেন, ‘সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আমাদের সবার কর্তব্য।’
জাতীয় সংসদকে জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি হিসেবে উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
স্পিকার বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।











-de8ff8-256x144.webp)

