বিজয় দিবস উপলক্ষ্যে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নিরাপত্তা, বসছে সিসিটিভি ক্যামেরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৪: ৫১
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভা। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভা। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আসন্ন মহান বিজয় দিবস উদ্‌যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ, রাজধানীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল এবং অন্যান্য আয়োজন ঘিরে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় সার্বিক নিরাপত্তা ও যানবাহন চলাচল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সর্বস্তরের মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা বসানো হবে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এসব ক্যামেরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশি চালানো হবে। পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বিজয় দিবসে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন থাকবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad