বিজিবি মোতায়েন আরও বেড়েছে, ৭ জেলায় ১২০ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গত কয়েক দিন ধরেই দেশের কয়েকটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন রয়েছে। এ সংখ্যা আরও বাড়ানো হয়েছে। আগের দিনের চেয়ে সাত প্লাটুন বাড়িয়ে এখন দেশের সাত জেলায় মোতায়েন করা হয়েছে ১২০ প্লাটুন বিজিবি।
শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার জেলাগুলোতে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত জেলার মধ্যে কেবল গোপালগঞ্জেই মোতায়েন করা হয়েছে প্রায় অর্ধেক বিজিবি। সেখানে ৫৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
এ ছাড়া ঢাকার গাজীপুরে ১৯ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন কক্সবাজার ও নারায়ণগঞ্জে ৭ প্লাটুন করে এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
বিজিবি বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।


-78eff2.jpg)












