তারেক-এরদোয়ান বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মধ্যে বৈঠক হয়। ছবি: পিএমও
মঙ্গলবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মধ্যে বৈঠক হয়। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় জানান তারা।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড ন্যাশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউজে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বৈঠকে সে সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করেন।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

দুই দেশের সম্পর্ককে অটুট রেখে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনেরও প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান ও রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

দুই দেশের শীর্ষ নেতাই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এখন নিউইয়র্কে অবস্থান করছেন। তারা দুজনেই মঙ্গলবার এ অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্কের উদ্বোধনী সেশনে যোগ দেন। মঙ্গলবারই অধিবেশনে ভাষণ দিয়েছেন এরদোয়ান। তারেক রহমান ভাষণ দেবেন বৃহস্পতিবার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement