হামে ১২০০ শিশুর মৃত্যু— স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘দায় আমার, আমাকে ফাঁসি দেন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

দেশে হামে আক্রান্ত হয়ে সাত মাসে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনাকে নিজের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেছেন, এর দায় সরকারের নয়, তার নিজের। পরিস্থিতি মোকাবিলায় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।

সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নেবে, নাকি বর্তমান সরকার। এ ঘটনায় কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন ওই সাংবাদিক। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি।’

হামের টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু দুষ্ট লোক প্রচার করছে, হামের টিকা ভারত থেকে আনা হয়েছে। তবে এ তথ্য সঠিক নয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র ৮ শতাংশ টিকা ভারত থেকে আমদানি করা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে।

এসব টিকা স্বল্পমূল্যে সংগ্রহ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। শিশুদের টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলেও তাকে জানানো হয়েছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী হামে শিশুমৃত্যু, টিকা সংগ্রহ এবং আক্রান্ত শিশুদের টিকা গ্রহণের অবস্থা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad