ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল দেড় লাখ

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নভেম্বরের প্রথম কয়েক দিনে মারা গেছেন ৪৭ জন। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।
বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ২৭৭, চট্টগ্রামে ২৬৫, বরিশালে ২৪৩, রাজশাহীতে ১৮৮, ময়মনসিংহে ১১১, রংপুরে ৮৩ এবং সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব রাখছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি ছিল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। সে বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজারের বেশি মানুষ।







-3dc012-256x144.webp)





-de8ff8-256x144.webp)
