অনিয়ম-জালিয়াতির অভিযোগে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং সরকারি প্রবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। নিবন্ধন বাতিলের পাশাপাশি সংস্থাগুলোর যাবতীয় কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। লিখিত উত্তরে মন্ত্রী নিবন্ধন বাতিলের বিভিন্ন কারণও তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ এবং নিবন্ধনের সময় নেওয়া শর্ত ও ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করার কারণে এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) জমা দেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট এনজিওগুলোকে কালো তালিকাভুক্ত করে কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এনজিওবিষয়ক ব্যুরো নতুন এনজিওর নিবন্ধন দেওয়া এবং মেয়াদ শেষ হওয়া নিবন্ধন নবায়নের দায়িত্ব পালন করে। পাশাপাশি বৈদেশিক অনুদানের প্রকল্প অনুমোদন, অর্থ ছাড়করণ এবং প্রকল্প বাস্তবায়নের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করে সংস্থাটি। নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধানের নির্ধারিত কাঠামোর আওতায় এসব দায়িত্ব পালন করা হয়। মন্ত্রী জানান, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করছে। দেশে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবী কার্যক্রমের সমন্বয়ও করে আসছে প্রতিষ্ঠানটি।

দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকার কথাও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে এসব সংস্থা উল্লেখযোগ্য অবদান রাখছে। দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা, নারী-পুরুষের সমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ টেকসই রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা রয়েছে। তবে বেআইনি কর্মকাণ্ডে জড়িত সংস্থাগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad