১৭ বছরে স্থানীয় সরকার বিভাগে ২৮ হাজার কোটি টাকার অনিয়ম

২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা সরকারি অর্থ ব্যয়ে মারাত্মক অনিয়মের তথ্য পাওয়া গেছে। সাত সদস্যের একটি কমিটির অনুসন্ধানে এসব অনিয়ম উঠে এসেছে। কমিটির প্রতিবেদনটি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রীর পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তবে মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম।
মন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এসব কার্যক্রমের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয় কমিটিকে।
কমিটি দৈবচয়নের ভিত্তিতে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করে। পর্যালোচনা শেষে এসব কার্যক্রমে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার মারাত্মক অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে কমিটির প্রতিবেদনটি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।













