তাহসিফের শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে বের হয় রক্ত: পুলিশ প্রতিবেদন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। তবে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং পেট ফোলা ছিল। বৃহস্পতিবার সকালে তৈরি করা সুরতহাল প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান তাহসিফের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় মরদেহ শনাক্ত করেন তার খালাতো ভাই জহির হাসান।
প্রতিবেদনে বলা হয়, তাহসিফের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। তার মাথার চুল কালো, কপাল স্বাভাবিক ও মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়। মুখে ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। তার দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় ছিল এবং হাতের মুঠো খোলা পাওয়া যায়।
সুরতহাল প্রতিবেদনে আরও বলা হয়, তাহসিফের বুক, পেট, পিঠ ও দুই পা স্বাভাবিক ছিল। তবে তার পেট ফোলা দেখা যায়। সাক্ষীদের উপস্থিতিতে এসব পর্যবেক্ষণ নথিভুক্ত করেন সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা।
এর আগে বুধবার বিকেলে ঢাকার উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। উদ্ধারের পর মরদেহটি প্রথমে অজ্ঞাতনামা হিসেবে নথিভুক্ত করা হয়। পরে তার পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয় বলে নৌ-পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, অজ্ঞাতনামা হিসেবে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মরদেহের সঙ্গে একটি মুঠোফোন ছিল। সেটির মাধ্যমে তার পরিচয় জানা যায়।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, তারা জানতে পেরেছেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর কয়েকজনের সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এরপর আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরাও তার খোঁজ পাচ্ছিলেন না।
নৌ-পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ২৮ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা, হাতে ছিল একটি ঘড়ি।
নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় তার বিমানে ওঠার দৃশ্য ভিডিও ধারণের ঘটনায় আলোচনায় এসেছিলেন তাহসিফ সাউরি। তিনি সপরিবারে রাজধানীর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন।
আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর বিকেল চারটায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় মসজিদে তাহসিফের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।















-421f49.jpg)
