তাহসিফের মৃত্যু নিয়ে ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ-এর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহী পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত এক সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ ময়নাতদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না। আমরা সব বিষয়ে জেনে তারপর মন্তব্য করবো।
এদিকে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। ফেসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমাণয়ে পুলিশ আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছে।
এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি।
পুলিশ জানায়, ৯৯৯ নম্বরের মাধ্যমে তারা খবর পায় উওরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসছে।
এরপর টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।















-421f49.jpg)
