শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু: হাইকোর্টে প্রধান আসামিসহ ৪০ জনের জামিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিনের আদেশ দেন। ছবি: সংগৃহীত
সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিনের আদেশ দেন। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলার প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামিকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গতকাল রোববার মামলার প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন।

এর আগে গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার দুই দিন পর শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে স্ত্রী মোছা. মার্জিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ২৩৪ জন নামীয় এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement