জিয়া পরিবারের মানহানির মামলায় মেনন-মানিক-ইনুর জামিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) রাশেদ খান মেনন, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত
(বাঁ থেকে) রাশেদ খান মেনন, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী নঈমুল হক মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, হাসানুল হক ইনুকে আজ মানহানির এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আর আগে থেকে এ মামলায় গ্রেপ্তার রাশেদ খান ও শামসুদ্দিন চৌধুরীকে আজ আদালতে হাজির করার ধার্য তারিখ ছিল। আজ তাদের পক্ষে আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তিনজনের বিরুদ্ধে মানহানির এ মামলাটি দায়ের করেছিলেন। আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এবং ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর আগে ২০১৩ সালের ১৯ জুলাই হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement