গুম ও হত্যা মামলা

জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে শেষ সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি সাক্ষ্য দেন। পরে তাকে জেরা করেন প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। জিয়াউল আহসানের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও তার বোন আইনজীবী নাজনীন নাহার।

সাক্ষ্যগ্রহণ শেষে নাজনীন নাহার বলেন, “আর কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না। তা জানার পর ট্রাইব্যুনাল আগামী ২৪ নভেম্বর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছেন। সেদিন রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবেন।” তাসলিমা জাহান পপি সাক্ষ্যে নিজের আইনজীবী পরিচয় তুলে ধরে জানান, নিম্ন আদালতে দুদকের একটি মামলাসহ একাধিক মামলায় তিনি জিয়াউল আহসানের আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন। তবে ট্রাইব্যুনালের মামলায় তাকে দায়িত্ব দেওয়া হয়নি।

সাফাই সাক্ষ্য হিসেবে পপি একগুচ্ছ নথিপত্র ও একটি পেনড্রাইভে ভিডিও জমা দেন। এসব নথির মধ্যে রয়েছে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে র‍্যাবের অভিযান ও গুলিতে নিহতের ঘটনায় দৈনিক প্রথম আলো ও বাংলাভিশনে প্রকাশিত সংবাদের অনুলিপি, র‍্যাব গোয়েন্দা শাখার প্রতিবেদন, লে. কর্নেল জুলফিকারের বিরুদ্ধে অভিযোগের কপি এবং মেজর শিবলী মোহাম্মদ সাদেকের আচরণ সম্পর্কিত চিঠি। এ ছাড়া সেনা সদরের প্রতিবেদন, যৌথ গোয়েন্দা সভার নোটিস এবং ঢাকা-গাজীপুর এলাকার গুগল ম্যাপের অনুলিপিও জমা দেন তিনি।

প্রধান কৌঁসুলি আমিনুল ইসলামের জেরায় পপি বলেন, জিয়াউল আহসানের স্ত্রী মামলা পরিচালনার জন্য বিভিন্ন মাধ্যমে এসব কাগজপত্র ও ভিডিও তাঁর কাছে পাঠিয়েছেন। তবে কাগজপত্র দেওয়ার সময় জিয়াউলপত্নীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। কী কী মাধ্যমে সেগুলো পেয়েছেন, তা-ও মনে নেই বলে জানান তিনি। দাখিল করা নথিপত্রের সত্যতা ব্যক্তিগতভাবে যাচাই করেননি এবং পেনড্রাইভে থাকা ভিডিওগুলো দেখেননি বলেও জেরায় স্বীকার করেন পপি। এ সময় তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের অসংগতির বিষয়টিও উঠে আসে।

আওয়ামী লীগ শাসনামলে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তিনটি অভিযোগে গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রধান কৌঁসুলির কার্যালয়। সেদিনই শুনানি শেষে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ১৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। জিয়াউল আহসান টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৬ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করা হয়। একই বছরের ১৬ আগস্ট তাঁকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad