ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিতে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্যকারী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আটক আবু বক্কর সিদ্দিকী। ছবি: সংগৃহীত
আটক আবু বক্কর সিদ্দিকী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে ‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার ঘটনায় আবু বক্কর সিদ্দিকী নামে এক তরুণকে আটক করা হয়েছে। বুধবার রাতে রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় তার মামার বাড়ি থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার সকালে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক আটকের বিষয়টি জানান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবির সহায়তায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান। তিনি জানান, বর্তমানে আবু বক্কর ডিএমপির হেফাজতে রয়েছেন।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আবু বক্করের মন্তব্যের পর তার পরিচয় শনাক্তে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানা, এসআরবি, ডিবি, সিটিএসবি ও সিআরটি কাজ শুরু করে। পরে তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ছেলের অবস্থান সম্পর্কে তথ্য দেন। এরপর পবার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় তার মামা মো. আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আবু বক্করের বাবার নাম মো. আয়নাল হক। তার গ্রামের বাড়ি রাজশাহীর কচুয়াতৈল এলাকায়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে তিনি নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী।

পরে একই বাসে করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। দুর্গাপূজা উপলক্ষ্যে একটি মন্দির পরিদর্শন শেষে ওই বাসেই বিমানবন্দরে ফিরে যান প্রধানমন্ত্রী।

এদিকে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “সবই বুঝলাম রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই, রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী?”

ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।” মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

বুধবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জানিয়েছিলেন, মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীকে ভয়ঙ্কর কটূক্তিকারী আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

এদিকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে করা মন্তব্যের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাজশাহীর বিএনপি নেতারা। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad