মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা মিশু ও পিয়াস গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার ঘটনায় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম পিয়াস ও সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন।
পিয়াস ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। অন্যদিকে ৩৬ বছর বয়সী সাজ্জাদ হোসেন মিশু শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি।
ডিসি রাকিব খাঁন বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশধারী ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করেন। তারা দুই নিরাপত্তাকর্মীকে মারধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
এরপর স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন কক্ষে ভাঙচুর চালানো হয়। ভারী যন্ত্র দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা সরকারি ইপিআইয়ের টিকা, টিকা দেওয়ার রেজিস্টার ও বিভিন্ন নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, ওষুধ ও ভ্যাকসিন, দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, দুটি কম্পিউটার, প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারি, সিসিটিভি ক্যামেরা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়।
পরে স্বাস্থ্যকেন্দ্রের স্থানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ লেখা একটি ব্যানার টানানো হয়। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার অভিযোগ করেন, ওই সমিতির ব্যানারে ভাঙচুর চালানো হয়েছে। তার দাবি, হামলা ও ভাঙচুরে ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মামলায় হানিফ মিয়া (৫০) নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য। এ ছাড়া ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডে’র কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। তারা এলাকায় বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য (সাবেক) ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
তবে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি। এ ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগও তদন্ত করা হচ্ছে। তিনি এরই মদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া মামলায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে তিনি ফেরদৌসী আহমেদের নাম উল্লেখ করেননি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় নির্মোহ তদন্ত চলছে। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে যারা অপরাধে জড়িত ছিলেন, তাদের রাজনৈতিক পরিচয় থাকলেও তা বিবেচনায় নেওয়া হবে না।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তার স্বামী প্রয়াত সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকার একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। স্বামীর মৃত্যুর পর মিষ্টি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সাল থেকে মিরপুরের গরিব ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। হামলা ও ভাঙচুরের পরও সেখানে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালুর চেষ্টা চলছে।
রাড্ডাকাণ্ড নিয়ে আলোচনার মধ্যে গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই দিনে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কারের ঘোষণা আসে। এর পরদিন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।














-adbf69-256x144.webp)



-93027b-256x144.webp)
