২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন রোগী ১৮৬৬ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন রোগী ১৮৬৬ জন

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং খুলনা বিভাগের দুজন রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসব রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭৪ জনের মৃত্যু হয়েছে অক্টোবর মাসে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা গেছেন। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৮৬৮ জন। এছাড়া চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২১৫ জন এবং বরিশালে ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহীতে ১৭১ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬৬ জন এবং সিলেট বিভাগে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad