গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অবিস্মরণীয় দিন ১০ নভেম্বর—ঐতিহাসিক 'শহীদ নূর হোসেন দিবস'। ১৯৮৭ সালের এই দিনে সামরিক স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে নিজের বুক ও পিঠকে গণতন্ত্রের শ্লোগানে রূপান্তরিত করে জীবন উৎসর্গ করেছিলেন অকুতোভয় যুবক নূর হোসেন। তার সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতিতে আজ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি।
১৯৮৭ সালের ১০ নভেম্বর রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) স্বৈরাচারবিরোধী মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন। তার বুকে ও পিঠে লেখা ছিল তৎকালীন আন্দোলনের মূল প্রতিপাদ্য—‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। নূর হোসেনের এই নির্ভীক বীরত্ব ও আত্মদান তৎকালীন এরশাদবিরোধী গণআন্দোলনে নতুন গতির সঞ্চার করে। পরবর্তীতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এই আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরশাসক এরশাদের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার পথ সুগম হয়।
দিবসটিকে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে। ১৯৮৭ সালের এই একই দিনে নূর হোসেন ছাড়াও পুলিশের গুলিতে প্রাণ হারান নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো।
অন্যদিকে, প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করছে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে দেশে বিদ্যমান সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন—সেই স্মৃতিকে স্মরণ করেই প্রতি বছর এ উদ্যোগ নেয় দলটি।
দিনটি উপলক্ষ্যে বিভিন্ন দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক আলোচনা সভা করবে।













-3dc012-256x144.webp)

