চিরবিদায় নিলেন দেশের ক্রীড়াঙ্গনের নিবেদিতপ্রাণ হারুনুর রশীদ

ডেস্ক, রাজনীতি ডটকম
সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গন ও রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র চিরবিদায় নিলেন। ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দেশের ফুটবলের পরিচিত মুখ এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ আর নেই। দীর্ঘ চার বছর ধরে অসুস্থ থাকার পর সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজিউন)।

আবাহনী ক্লাবের প্রশাসন ইনচার্জ আশীষ রায় চৌধুরী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় গত কয়েক বছর ধরে নানা লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন হারুনুর রশীদ। গত কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

স্বাধীনতাকালীন সময় থেকে আমৃত্যু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন হারুনুর রশীদ। ঢাকা আবাহনী ক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার এবং ২০২৪ সাল পর্যন্ত নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও অবদান রেখেছেন তিনি। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছিলেন মর্যাদাপূর্ণ ‘জাতীয় ক্রীড়া পুরষ্কার’। তাঁর হাত ধরেই বাদল রায়, দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও আবদুল গাফফারের মতো তারকারা ক্রীড়া সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

এদিকে তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে সাবেক তারকা ফুটবলার ও সংগঠক আবদুল গাফফার যুক্তরাষ্ট্র থেকে তাঁর শেষ বিদায়কে যথাযোগ্য মর্যাদা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁর মরদেহ আবাহনী ক্লাব প্রাঙ্গণে এবং জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা আয়োজনের দাবি জানান তিনি।

জানা গেছে, আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং পরবর্তীতে নিজ জেলা লক্ষ্মীপুরে তাঁকে দাফন করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad