ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থ নয়, সব ধরনের চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী
-3dc012-480x270.webp)
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ, এমনটি মনে করেন না স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা করছে সরকার এবং হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আগামী ডিসেম্বর থেকে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের দেওয়া তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর জন্য যা যা করণীয়, সব ধরনের চেষ্টা করছে সরকার। স্যালাইনসহ সব ধরনের চিকিৎসা চলছে হাসপাতালগুলোতে। প্রটোকল অনুযায়ী যা করণীয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব করা হচ্ছে। তাই ডেঙ্গু চিকিৎসায় সরকার ব্যর্থ, এটা সঠিক নয়।’
তিনি বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৫৬ জন। এর মধ্যে ৮৮ হাজার ২৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হওয়ার হার প্রায় ৯০ শতাংশ।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,’ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। ডেঙ্গু আক্রান্তদের অনেকেই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন।’
বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগামী ১ ডিসেম্বর ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্যাম্পেইন চলাকালে সারাদেশে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি।’
ব্রিফিংয়ে ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে চলতি অর্থবছরে ১৭টি রেডিওথেরাপি মেশিন কেনার উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘এর মধ্যে ছয়টি মেশিন ঢাকার হাসপাতালগুলোতে স্থাপন করা হবে।’
‘বাকি ১১টি ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে দেওয়া হবে। এ ছাড়া ক্যান্সার রোগীদের উন্নতমানের অস্ত্রোপচার সুবিধা দিতে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন কেনার পরিকল্পনাও রয়েছে,’ যোগ করেন তিনি।













-c173ff-256x144.webp)





-1db9a8-256x144.webp)