উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি: সংসদ টিভি থেকে
সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি: সংসদ টিভি থেকে

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় অর্ধেক পদই খালি রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের ১৩ হাজার ৩৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬ হাজার ৭৪৮ জন। বাকি ৬ হাজার ২৮৮টি পদ শূন্য, যা মোট পদের ৪৮ শতাংশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদে।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতাল মিলিয়ে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে ১১ হাজার ৩৩৬টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের বিপরীতে ২১ হাজার ৬৫৬টি পদ খালি আছে।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার দেশের সব এলাকায় শিশুদের টিকা দিচ্ছে। দেশে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন। অর্থাৎ লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকে মৃত্যুর হার বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে ২৫ থেকে ৩০ বছর বয়সী পুরুষদের মধ্যে এ প্রবণতা বেশি।

অন্যদিকে, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে নতুন ও নবায়ন মিলিয়ে ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad