ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। ডেঙ্গুতে এর আগের দিন দ্বিতীয় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ছয় দিনেই মারা গেছেন ৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ২৯৪ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ১৮৭ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮০ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২, খুলনায় ৩০২, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ১৯৯, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে ৮৪ হাজার ২৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বুলেটিনের তথ্য বলছে, চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই মাসে মোট ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

-c173ff.jpg)










-c173ff-256x144.webp)






