সংসদে স্বাস্থ্যমন্ত্রী

৪ হাজার করে চিকিৎসক-নার্স নিয়োগ, ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। ছবি: প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। ছবি: প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে

দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। এ ছাড়া সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মীও নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে এসব প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ৭১-বিধিতে জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ দিয়েছিলেন সংসদে।

অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের আলোকে সরকারের লক্ষ্য হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে।

এম এ মুহিত বলেন, চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন ও ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

নার্স সংকট নিরসনে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের কার্যক্রমও চলমান রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এক হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। আরও এক হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে।

মিডওয়াইফ পদে ৫৫৮ জনের নিয়োগের সুপারিশ করার পাশাপাশি আরও এক হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান এম এ মুহিত। বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ-সংক্রান্ত প্রকল্পটি বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।

কামরুজ্জামান কামরুলের ওপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে, যেন তারা নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের জনবল সংকট পূরণে সরকার এরই মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করা যায়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad