ধানমন্ডি ৩২ নম্বরে টাঙানো হলো ভাসানী-সিরাজ সিকদার-হাদির ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ধ্বংসস্তূপে পরিণত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে এবার মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মেজর জলিল ও জুলাই অভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদির ছবি টাঙানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে বিজয় র্যালি শেষে এসব ছবি টাঙানো হয়।
একাত্তরের মুক্তিযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের মুছে দেওয়া বীরদের এবং আজকের সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদিকে স্মরণে রেখে সংক্ষিপ্ত বিজয় র্যালি করে ধানমন্ডি ৩২-এ গিয়েছেন বলে জানান সোহেল।
তিনি বলেন, এই র্যালির মধ্য দিয়ে আমরা একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি। এ ধরনের কর্মসূচি সামনেও চলবে।
এনসিপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল, যদিও পাকিস্তানিদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের জন্য অপেক্ষা না করেই দেশের আপামর কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে একাত্তরের জনযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ জানান।














-f7dee2-256x144.webp)


