না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্র জানায়, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল খান। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন এই অভিনেতা। তাকে ডাকতে হোটেলের কক্ষে গেলে ইউনিটের এক সদস্য তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার দিলে অন্য সদস্যরা ছুটে আসেন। পরে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।














