না ফেরার দেশে গ্র্যামি জয়ী কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পাশাপাশি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার জটিলতায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গ্র্যামি পুরস্কারজয়ী গসপেল ও কান্ট্রি সংগীতের কিংবদন্তি রিচার্ড স্টারবান। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে ৮৩ বছর বয়সে তিনি মারা যান।
শনিবার (১৫ নভেম্বর) পরিবার ও তার জনপ্রিয় ব্যান্ড ‘দ্য ওক রিজ বয়েজ’-এর পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
১৯৭২ সাল থেকে ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট হিসেবে যুক্ত ছিলেন কান্ট্রি মিউজিক হল অব ফেমের এই সদস্য। ব্যান্ডটিতে যোগ দেওয়ার আগে তিনি সংগীতসম্রাট এলভিস প্রিসলির ব্যাকআপ গায়ক হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তার গাওয়া ‘এলভিরা’ গানটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা লাভ করে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ২০২৫ সালে নিয়মিত সফর ও পরিবেশনা বন্ধ করে দিয়েছিলেন এই শিল্পী।
উল্লেখ্য, ‘দ্য ওক রিজ বয়েজ’ তাদের বর্ণাঢ্য সংগীতজীবনে ২৩ বার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়ে পাঁচবার এই সম্মাননা অর্জন করেছে। এছাড়া তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের সামনে পারফর্ম করার পাশাপাশি জনি ক্যাশের মতো কিংবদন্তিদের সঙ্গেও কাজ করেছে। রিচার্ড স্টারবানের বিদায়ে পুরো কান্ট্রি ও গসপেল সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।














