উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জাকির হোসেন ভূঁইয়ার ইন্তেকাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাকির হোসেন ভূঁইয়া
জাকির হোসেন ভূঁইয়া

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাকির হোসেন ভূঁইয়া (৫৫) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফেরার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১৯৯০-৯১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি ছিলেন পরিচিত মুখ। তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় ক্যাম্পাসেই কেটেছে তাঁর শৈশব ও বেড়ে ওঠার দিনগুলো।

বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত আবাসিক এলাকায় জাকির হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

তিনি স্ত্রী, এক পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল‍্যাহ মাহামুদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার রাতে জাকিরের বাসভবনে গিয়ে শোক প্রকাশ করেন। তাঁদের অনেকে কান্নায় ভেঙে পড়েন এবং একজন ভালো সহকর্মী হিসেবে তার অবদান এবং ব্যক্তিত্বের প্রশংসা করেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪ সালের দর্শন বিভাগের সহপাঠীদের সংগঠন ‘মেটাফিজিসিয়ান্স ’৯৪’-এর সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন লাবলু এক শোক বিবৃতিতে জাকিরের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জাকিরের সহপাঠীরা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

মেটাফিজিসিয়ান্স ’৯৪-এর সভাপতি ও সরকারের যুগ্ম সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে একসঙ্গে কাটানো সময়, বন্ধুত্ব, আন্তরিকতা ও ভালোবাসার বন্ধনে জাকির ছিলেন আমাদের সবার মধ্যমণি। আমাদের প্রিয় সহপাঠী আর কখনো ফিরে আসবে না—এই বাস্তবতা মেনে নেওয়া সত্যিই কঠিন।’

সংগঠনের সাধারণ সম্পাদক ও একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক নুরুল আমিন লাবলু বলেন, ‘মৃত্যু অবধারিত, কিন্তু কিছু বিদায় এতটাই আকস্মিক ও বেদনাবিধুর হয় যে তা সহজে মেনে নেওয়া যায় না। জাকিরের চলে যাওয়া তেমনই এক হৃদয়বিদারক ঘটনা। প্রিয় জাকির আমাদের স্মৃতিতে, বন্ধুত্বে ও ভালোবাসায় বেঁচে থাকবে চিরকাল।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad