মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ, মা আটক

সিলেট প্রতিনিধি
মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ, মা আটক

সিলেটে এক বছর আট মাস বয়সী মেয়েশিশুকে গলা কেটে হত্যার অভিযোগে শিশুটির মাকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।

শুক্রবারে ভোরে সিলেট সদর উপজেলার কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মাইমুনা জান্নাত তোহা পুরাতন কালারুকা গ্রামের আমীর আলীর মেয়ে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়দের বরাতে জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, ‘ভোর ৫টার দিকে আমীর আলী মসজিদে নামাজে ছিলেন। এই সময় মা বটি দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন।’

শিশুটির বাবা আমীর আলী বলেন, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি তার স্ত্রীকে উঠে নামাজ পড়তে বলে মসজিদে চলে যান। নামাজ শেষে তার ছোট ছেলে গিয়ে তাকে বোনের গলা কেটে ফেলার খবরটি জানায়। তিনি বাড়িতে ফেরার আগেই তাদের বড় ছেলে চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন।

পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। শিশুটির মা সুবিনাকে স্থানীয় জনগণের আটক করে রাখে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে সুবিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন জানা যাবে এ ঘটনার সাথে অন্য কোনো বিষয় আছে কি না।’

এ ঘটনায় আটক সুবিনার বিরুদ্ধে নিহত শিশু তোহার বাবা বাদী হয়ে মামলা করলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement