লক্ষ্মীপুরে রিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ এলাকায় ফসলি ক্ষেত অটোরিকশাচালক ফরহাদ হোসেনের মরদেহ। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ এলাকায় ফসলি ক্ষেত অটোরিকশাচালক ফরহাদ হোসেনের মরদেহ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে মধ্যরাতে ঘর থেকে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশাচালককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, টাকা লেনদেনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের একটি ফসলি ক্ষেত থেকে তার চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফরহাদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে।

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনরা। মূলত টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্ত্রীর।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement