৩ জেলায় সড়কে ঝরল ১৭ প্রাণ, আহত অন্তত ৩০

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৬: ২৬
সিলেটে ইউনিক পরিবহনের এই বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
সিলেটে ইউনিক পরিবহনের এই বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় দু’টি বড় দুর্ঘটনার পাশাপাশি আগের রাতে ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়।

সিলেটে ২ বাসের সংঘর্ষে মৃত্যু বেড়ে ৯

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। সকাল ৭টা ৫ মিনিটে উপজেলার কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আটজন দুর্ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

বগুড়ায় শ্রমিকদের ওপর উঠে গেল বাস, নিহত ৭

বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে সাতজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের বাজারে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার প্রতিবাদে স্পিড ব্রেকারের দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ঝিনাইদহের শৈলকুপায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় বালুবাহী ও ধানবোঝাই দু’টি ট্রাকের সংঘাত হলে এ ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement