চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগকর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মো. টমাস (৩৫) নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন-চারজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আরও তিন থেকে চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নিহত হন। এ ছাড়া আহত হন আরও তিন-চারজন। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তিনি বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস বলেন, টমাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তবে তিনি কোন পদে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টমাসের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা ছিল বলে জানান তিনি।














