পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি ও ১ মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুর

পটুয়াখালী প্রতিনিধি
বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিম সাবেক এমপি ও এক মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিম সাবেক এমপি ও এক মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য (এমপি) ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত জেলার কলাপাড়া ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতেও হামলা-ভাঙচুরের খবর পাওয়া গেছে।

কলাপাড়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। সভা শেষে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর পরপরই সাবেক দুই সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রথমে সন্ধ্যা সাতটার দিকে কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকায় আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িটিতে ভাঙচুর করা হয়। আনোয়ার-উল ইসলাম ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি মারা যান।

এরপর রাত আটটার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে একটি দল। এর প্রায় আধা ঘণ্টা পর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিব্বুর রহমানের কলাপাড়ার বাসভবনে ভাঙচুর করা হয়। তিনি আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি।

সন্ত্রাসবিরোধী সভার পর এসব হামলার ঘটনা ঘটলেও এর সঙ্গে বিএনপির কর্মসূচির কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার এ বিষয়ে বলেন, ‘আওয়ামী লীগের কিছু লোক অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এর প্রতিবাদে আমরা সন্ত্রাসবিরোধী সভা করি। যেভাবে ঘটনা প্রকাশ করা হচ্ছে, ততটা হামলা-ভাঙচুর হয়নি। হয়তো দরজায় চার-পাঁচটা আঘাত করেছে।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাড়ির প্রধান ফটকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

তার পুত্রবধূ রোকসানা পারভীন জানান, দেশীয় অস্ত্র হাতে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি বাড়ির সীমানাপ্রাচীরের ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। প্রবেশ করতে না পেরে তারা ফটকটি ভাঙচুর করেন।

লুৎফুন নেছা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের স্ত্রী।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে সাবেক নারী সংসদ সদস্যের বাড়ির সামনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ সময় কেউ কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ ফিরে আসে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad