ফুটবল খেলাকে ঘিরে রণক্ষেত্র: দোকান-বাড়িতে ভাঙচুর ও আগুন, আহত ৫০

পাবনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘাত চলাকালে অন্তত ১৫টি দোকান ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বেড়া পৌর এলাকার নাজিম বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার বেড়া বিবি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেশ কিছুদিন ধরে ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতা চলছিল। রোববার প্রতিযোগিতার খেলায় পৌরসভার ২ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলাটি ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারের (পেনাল্টি শুটআউট) মাধ্যমে ফল নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে ২ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম মহল্লার বাসিন্দারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু দোকানে আগুন দেওয়া হয় এবং অন্তত ১৫টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, "ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।"

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, "সংঘর্ষের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে কোনো উত্তেজনা দেখা দিলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement