নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন তাদের মা।
রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো গ্রামের মো. আব্দুস সাত্তার ও পান্না দম্পতির ছেলে মুয়াজ (৬) ও আরাফাত (৪)।
স্বজনদের বরাতে কেন্দুয়া পেমই পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় এক শিশু অসাবধানতাবশত ঘরের পাশের একটি আর্থিংয়ের তার স্পর্শ করে বিদ্যুতায়িত হয়। ভাইকে এ অবস্থায় দেখে চিৎকার দিয়ে তাকে বাঁচাতে এগিয়ে যায় অন্য শিশুটি। সে-ও একই তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়।
ঘটনার সময় শিশু দুটির বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। সন্তানদের চিৎকার শুনে মা দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত মাকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আর্থিংয়ের তারে সাধারণত বিদ্যুৎ থাকে না। তবে সুইচবোর্ড থেকে কোনোভাবে ওই তারে বিদ্যুৎ চলে এসেছিল। এতে দুই শিশু বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।











-8bc2ef-256x144.webp)






