রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টার ঘটনায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার রাতে শাহবাগ থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আয়াস ছাড়া গ্রেপ্তার অন্য তিনজন হলেন সাকিবুল হাসান (১৯), সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। রোববার তাঁদের আদালতে পাঠানো হবে।

পুলিশের ভাষ্য, মামলায় দেয়ালের প্রতিকৃতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে করা ১১ নম্বর মামলায় দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারা যুক্ত করা হয়েছে। এসব ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা করেন একদল তরুণ। এ সময় পুলিশের বাধা এবং দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার পর আয়াসসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়।

এর আগে উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেছিলেন, ‘তারা গ্রাফিতি মুছতে এসেছিল, পুলিশ তাদেরকে নিবৃত করেছে।’

ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিতে দেখা যায়। এ সময় এক পুলিশ সদস্য তাঁকে বাধা দেন। ওই নারী দাবি করেন, তাঁরা ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ জানাতে এসেছেন। পুলিশের বাধার মুখে আয়াসের নেতৃত্বে তাঁরা স্লোগানও দেন।

গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।

শুক্রবার ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজ থেকে এসব সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে তাঁদের ছবি আঁকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর পরদিন শনিবার রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসের নেতৃত্বে একদল ব্যক্তি প্রতিকৃতিগুলো মোছার চেষ্টা করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement