এনসিটি-ডিপি ওয়ার্ল্ড চুক্তি বাতিলের দাবিতে সোমবার শ্রমিক নেতাদের অনশন

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরের ফাইল ছবি
চট্টগ্রাম বন্দরের ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে এবার অনশনে বসছেন বন্দর শ্রমিকেরা। আগামীকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে এ কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৫ বছরের কনসেশন চুক্তি সইয়ের পরও এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। গত বৃহস্পতিবার ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে চুক্তিটি সই হয়। এতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিম।

এনসিটি বন্দরের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে লাভজনক টার্মিনাল হিসেবে পরিচিত। এটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন বন্দর শ্রমিক, রাজনীতিবিদ ও পেশাজীবীরা। তাঁদের কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিল, গোলটেবিল বৈঠক ও পদযাত্রা।

তবে আন্দোলনকারীদের আপত্তি সত্ত্বেও সরকার ও বন্দর কর্তৃপক্ষ চুক্তি চূড়ান্ত করে। চুক্তি সইয়ের দিনই চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ করেন শ্রমিক নেতারা। দাবি মেনে নেওয়ার জন্য রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন তাঁরা।

রোববার বিকেল পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো আহ্বান আসেনি বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবীর। তিনি জানান, দাবি আদায়ে সোমবার বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement