সীমান্ত পেরিয়ে বিএসএফের ‘সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ’, প্রতিবাদ বিজিবির

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২৩: ২৬
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত। ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত। ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে স্থানীয় শ্রমিকদের ভয় দেখাতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে ‘প্রটেস্ট নোট’ পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম বলেন, শনিবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৩৭ নম্বর প্রধান পিলারের ৪ নম্বর উপপিলারের কাছে সানিয়াজান নদীতে পাথর ও বালু তুলছিলেন কয়েকজন বাংলাদেশি শ্রমিক। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের ১০ থেকে ১২ জনের একটি টহল দল শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে চলে আসে।

অভিযোগ অনুযায়ী, বিএসএফ সদস্যরা নদীতে নেমে শ্রমিকদের মারধরের চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের চিৎকারে আশপাশের ১৫ থেকে ২০ জন স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যান।

খবর পেয়ে বুড়িমারী কোম্পানি সদর থেকে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কারিমুল ইসলাম বলেন, “ভয় দেখানোর জন্য বিএসএফ একটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। বিজিবির পক্ষ থেকে ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে ‘প্রটেস্ট নোট’ পাঠানো হয়েছে।”

এদিকে, শনিবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি জানিয়েছে, বৈঠকে বিএসএফের প্রতিনিধিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad