পূজার ছুটিতে গ্রামে, ফাঁকা বাসায় চুরি ৫০ লাখ টাকা ও ৮ ভরি সোনা

দুর্গাপূজার ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সুখন চৌধুরী (৫০)। নরসিংদীর ভাড়া বাসার আলমারিতে রাখা ছিল জমি বিক্রির ৫০ লাখ টাকা। সেই টাকা দিয়ে একটি ডাইং কারখানা কেনার কথাও চূড়ান্ত হয়েছিল। কিন্তু ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ঘরের জিনিসপত্র এলোমেলো, ভাঙা আলমারিতে নেই টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার। এতে কারখানা গড়ার স্বপ্ন ভেঙে পড়েছে তার।
নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে। গত পাঁচ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে সেখানে ভাড়া থাকেন সুখন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।
এ ঘটনায় গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সুখন চৌধুরী।

সুখন বলেন, ‘একটি ডাইং কারখানা করার জন্য গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা এনে বাসায় রেখেছিলাম। ডাইং কেনার কথাবার্তাও ফাইনাল হয়ে গিয়েছিল। স্ত্রীর গয়নাগুলোও সেখানে ছিল। আমরা বাসায় না থাকায় গত ছয় দিনের মধ্যে কোনো এক সময় সব চুরি করে নিয়ে গেছে। একটা ডাইং করার সারা জীবনের স্বপ্নটা চোরেরা চুরি করে নিয়ে গেছে।’
সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, দুর্গাপূজা উপলক্ষে গত রোববার দুপুরে বাসায় তালা দিয়ে তারা গ্রামের বাড়িতে যান। গতকাল শুক্রবার রাত আটটার দিকে নরসিংদীর বাসায় ফিরে চাবি দিয়েও ফ্ল্যাটের দরজা খুলতে পারেননি। তালা কাটার পরও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। পরে বাড়ির পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান।
এরপর স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল দিয়ে ভেতরে ঢোকেন সুখন। তিনি ফ্ল্যাটের দরজা খুলে দিলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। সেখানে আসবাব ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন তারা। আলমারিটিও ভাঙা ছিল। ভেতরে রাখা ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার খুঁজে পাওয়া যায়নি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।








-d0b2d1-256x144.webp)





