কুমিল্লা সীমান্তে ২ পুলিশ সদস্যকে আটক করে বিএসএফের হাতে দিল ভারতীয়রা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিয়েছেন ভারতীয় নাগরিকেরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আটক পুলিশ সদস্যরা হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। শুক্রবার রাত সোয়া ১টার দিকে ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
ওসি জানান, বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাকে ধরতে ধাওয়া করেন কনস্টেবল রোহিত দেওয়ান। একপর্যায়ে সীমান্তে থাকা কয়েকজন ভারতীয় নাগরিক তাকে আটক করেন।
রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে পুলিশের দলটির নেতৃত্বে থাকা এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। পরে ভারতীয় নাগরিকেরা বিএসএফ সদস্যদের ডেকে এনে দুই পুলিশ সদস্যকে তাদের হাতে তুলে দেন।
খবর পেয়ে জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি ফারুক হোসেন।













-c79025-256x144.webp)


