কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৫

কুড়িগ্রাম প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত দুই শিশু রিশাদ ও তুবা। তাদের মা লিপি এবং খালা শরিফাও দুর্ঘটনায় মারা গেছেন। তারা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা। দুই শিশুর বাবার নাম শহিদুল ইসলাম।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ঘটনাস্থল থেকে জানান, দুই নারী ও এক পুরুষের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া দুই শিশুও পরে মারা গেছে বলে তিনি খবর পেয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। তাদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহত পুরুষের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোরিকশার চালক বলে জানা গেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement