ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির দুজনসহ মনোনয়ন দাখিল ৬ প্রার্থীর

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে বিএনপির দুজন ও জামায়াতে ইসলামীর একজনসহ মোট ছয়জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্থানীয় বিএনপি সূত্র বলছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের একজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে দল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা। এ সময় পর্যন্ত ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে ছয়টি মনোনয়নপত্র জমা পড়েছে।
উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা বিএনপির দুই প্রার্থী হলেন— জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। এর মধ্যে মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল না হলে দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনিই এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
মনোনয়ন জমা দেওয়া অন্য প্রার্থীরা হলেন— ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, উপনির্বাচনের জন্য ছয়জনের মনোনয়নপত্র পেয়েছি। নির্বাচনের তফসিল অনুযায়ী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
রিটার্নিং কর্মকর্তা ঘোষিত চূড়ান্ত প্রার্থীরা ৭ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে এই উপনির্বাচনে।
এদিকে রোববার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন মির্জা ফয়সল আমিন। পরে জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে তাদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ দিন দুপুর ১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির আরেক প্রার্থী ওবায়দুল্লাহ মাসুদ।
পরে মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ সাংবাদিকদের বলেন, দলীয় নির্দেশনা মেনেই তারা দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ মুহূর্তে দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, তিনিই হবেন প্রার্থী।










-47dead-256x144.webp)






