ইজারা নিয়ে বিরোধ, গুলিতে নিহত ভাগনেসহ পশুর হাটের ইজারাদার

পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইজারাদার ও তার ভাগনে নিহত হয়েছেন। তবে কে বা কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— পুষ্পপাড়া হাটের ইজারাদার হাজী আব্দুস সালাম ও তার ভাগনে রিপন হোসেন। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম গ্রামে।
নিহত আব্দুস সালামের বাবার নাম আরজ বেপারী। আর রিপন হোসেন মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, হাটের ইজারা নিয়ে দুপক্ষের বিরোধ ছিল। তারই জেরে প্রতিপক্ষের লোকজন গুলিবর্ষণ করলে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সালাম ও রিপন হোসেন হাটের টিনশেড সেমিপাকা কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এসপি আবু আশ্রাফ বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।







-2d4226-256x144.webp)



-9cb87c-256x144.webp)


